বগুড়ায় জামায়াতের ১৬ নেতা গ্রেফতার

বগুড়ায় জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতিসহ ১৬ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া জেলা জামায়াত কার্যালয় সংলগ্ন এক মিলনায়তনে বৈঠক চলাকালে সেখানে অভিযান চালায় পুলিশ। তাদের কাছ থেকে সরকার বিরোধী বিভিন্ন লিফলেট ছাড়াও বেশকিছু নোট (ডায়েরি) উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ডসহ বিশৃংখলা সৃষ্টির চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয় । গ্রেফতারকৃতরা হলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এস মোসলেম উদ্দিন, সহ-সভাপতি ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল ওবায়েছ, ঢাকা মহানগর শাখার সভাপতি ফজলুল হক, বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর এনামুল হক মন্ডল, বগুড়ার শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাসান আলী, আদমদিঘীর আব্দুল জব্বার, আহসান হাবিব, আব্দুর রউফ ও আবু তাহের, বগুড়া সদরের এইচএম এনামুর কাদির, দুপচাঁচিয়ার নজরুল ইসলাম, মাওলানা ইয়াকুব আলী ও গোলাম মোস্তফা, শেরপুরের মোসলেম উদ্দিন, শাজাহানপুরের মিরাজুল ইসলাম এবং সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা জামায়াতের নেতা আব্দুর রশিদ।