ছাগলনাইয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ জনের মৃত্যু
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২১:৩৪
জেলায় হোসেনপুর উপজেলার কাওনা গ্রামের রফিকুল ইসলাম (৫০) গত রবিবার দুপুরে ফেনীর ছাগলনাইয়ায় মজুমদার সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন। ঘটনার সময় রফিকসহ ১৪ জন আহত হয়। তাদের ফেনী সদর হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার ভোর রাতে রফিকুল ইসলামের মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ফেনী শহরের বাখরাবাদ গ্যাস কোম্পানিতে গ্যাস টেকনেশিয়ান হিসাবে কর্মকর্তা ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মজুমদার ফিলিং স্টেশনে যান্ত্রিক ত্রুটি মেরামত করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে ৩ কর্মকর্তাসহ ১৪ জন আহত হয়। এদিকে গতকাল সোমবার হোসেনপুর উপজেলার কাওনা নিজ গ্রামে নিহত রফিকের মরদেহ পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের ছেলে আমিরুল ইসলাম হিমেল জানান, ঈদের সময় বাড়িতে আসবে বলে গত শনিবার তার বাবা বিদায় নিয়ে ফেনীতে চলে যান। কিন্তু রমজানের আগে তিনি লাশ হয়ে ফিরলেন।