বিশ্বের বৃহত্তম সরকারি ওয়েব পোর্টাল উদ্বোধন
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২২:১২
নাগরিকের তথ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা, উদ্ভাবনী ও জনমুখী প্রশাসন প্রতিষ্ঠা করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জাতীয় তথ্য বাতায়ন’। ২৫ ?হাজার ৪৩টি ওয়েবসাইটকে একই সূত্রে গেঁথে বিশ্বের বৃহত্তম সরকারি এ পোর্টালটি (www.bangladesh.gov.bd) তৈরি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ওয়েব পোর্টাল উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। উদ্বোধন শেষে কুমিল্লা জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্স এ অংশ নেন তিনি। জয় বলেন, দেশের উন্নয়ন কেউ রুখতে পারবে না।
তিনি আরো বলেন, আমরা যাচাই করে দেখেছি যে, বিশ্বের অন্য কোন দেশে সরকারি ২৫ হাজার ওয়েবসাইট এক জায়গায় নেই। একমাত্র বাংলাদেশের এখন আছে। এই পোর্টালে রয়েছে ২০ লাখেরও বেশি কনটেন্ট, বিভিন্ন ধরনের ৪০ হাজার ছবি, সাত লাখের বেশি ই-ডিরেক্টরি, মুক্তিযোদ্ধাদের তালিকা প্রভৃতি।
কুমিল্লা প্রতিনিধি জানান, সজিব ওয়াজেদ জয় কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সাথে ভিডিও কনফারেন্সিংয়ে শুভেচ্ছা বক্তব্য রাখার পর আনুষ্ঠানিকভাবে জাতীয় তথ্য বাতায়ন উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সিভিল সার্জন ডা. মজিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সঞ্জয় কুমার ভৌমিক প্রমুখ।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ‘জাতীয় তথ্য বাতায়ন’ আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান মুন্সীগঞ্জবাসী সরাসরি উপভোগ করেছে। এই উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বড়পর্দা এবং ভিডিও কনফারেন্স সিস্টেমে জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান থেকে সজিব ওয়াজেদ জয়ের মুন্সীগঞ্জের সাথে ভিডিও কনফারেন্সের কথা থাকলেও পরে তা হয়নি।