আওয়ামী লীগকে গণতন্ত্রে ফেরার আহ্বান বিএনপির
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২২:২৪
দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল সোমবার জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণশেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান। তিনি আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নেতা-কর্মীদের চরিত্র বদলানোর পরামর্শ দেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, পাঁচ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা অতীতের মতো একদলীয় শাসনে দেশ চালাচ্ছে। দলটি প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আশা করবো, অতিদ্রুত সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে তারা গণতন্ত্রের পথে ফিরে আসবে। সকাল সাড়ে ১১টায় ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) নবগঠিত কমিটির সভাপতি আ ন হ আখতার হোসেন ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদসহ নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন মির্জা ফখরুল। এ সময় রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার অভিযোগে দায়ের করা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আদালত রায় দিয়েছে। এনিয়ে কোনো বক্তব্য নেই।
এদিকে, গতকাল বিকালে রাজধানীর হোটেল সেরিনায় আয়োজিত এক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য যে কোনো কিছু করতে পারে। জি-৯-এর সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক শফিক রেহমান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ডা. এজেডএম জাহিদ হোসেন, জি-৯-এর সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।