স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা বেড়েছে
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২২:২৬
২২ দিনের ব্যবধানে স্বর্ণের দাম প্রতি ভরিতে মানভেদে এক হাজার ৫০ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল সোমবার থেকে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে বিক্রির জন্য স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস।
সংগঠনটির নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ১৮ ক্যারেটের স্বর্ণে বেড়েছে এক হাজার ৫০ টাকা। আর অন্যান্য (২১ ও ২২ ক্যারেট এবং সনাতন পদ্ধতির) স্বর্ণে ভরিতে বেড়েছে এক হাজার ১৬৬ টাকা। সে হিসাবে সবচেয়ে ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হচ্ছে ৪৮ হাজার ৪০৫ টাকায়। আগে দাম ছিল ৪৭ হাজার ২৩৯ টাকা। ২১ ক্যারেট স্বর্ণ আগে বিক্রি হত ৪৫ হাজার ৮১ টাকা। এখন তা ৪৬ হাজার ২৪৭ টাকা দরে বিক্রি হচ্ছে। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হচ্ছে ৩৯ হাজার ৬৫৭ টাকা দরে। আগে ভরিপ্রতি দাম ছিল ৩৮ হাজার ৬০৮ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ২৬ হাজার ২৪৪ টাকার বদলে এখন ২৭ হাজার ৪১০ টাকায় বিক্রি হচ্ছে।