গার্মেন্টস খাত নিয়ে অপপ্রচারের প্রমাণ দিলেন বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানিমুখী গার্মেন্টস খাত নিয়ে যুক্তরাষ্ট্রকে দেয়া শ্রমিক অধিকার সংগঠন ইন্ডাস্ট্রিঅল এর একটি চিঠির অনুলিপি গতকাল সাংবাদিকদের দেখিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ওই চিঠিতে বাংলাদেশের পোশাক খাত নিয়ে বেশ কিছু অভিযোগ তোলা হয়। ওই চিঠি দেখিয়ে তিনি বলেন, এই চিঠিতে বাংলাদেশের পোশাক খাত নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এটি পোশাক খাত নিয়ে ষড়যন্ত্রেরই অংশ। গতকাল সোমবার রাজধানীর বিজিএমইএ ভবনে এক অনুষ্ঠানে মন্ত্রী ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল সম্পর্কে এমন মন্তব্য করেন। পোশাক শিল্প নিয়ে প্রতিবেদন প্রকাশ ও প্রচারের ওপর ফেলোশিপ প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বিজিএমইএ। জানা গেছে, সম্প্রতি মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) এবং কয়েকজন কংগ্রেসম্যানের কাছে চিঠি পাঠায় ইন্ডাস্ট্রিঅল। আন্তর্জাতিক এ শ্রমিক সংগঠনের বাংলাদেশ অংশের চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম খান এবং মহাসচিব আওয়ামী লীগ নেতা রায় রমেশ চন্দ্র। তবে ইউএসটিআরের কাছে ইন্ডাস্ট্রিঅল এর প্যাডে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন আমিনুল ইসলাম আমিন নামের একজন শ্রমিক নেতা। চিঠির অভিযোগকে মিথ্যা আখ্যা দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানিমুখী পোশাক শিল্পে বাংলাদেশের উন্নতি ঈর্ষণীয়। এ জন্যই পোশাক খাতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, মার্কিন প্রশাসনের কাছে এ ধরনের মিথ্য অভিযোগ করায় তারা বিস্মিত, হতবাক। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈশাখী টিভির সিইও এবং প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের উপদেষ্টা সম্পাদক জগলুল আহমেদ চৌধুরী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ। অনুষ্ঠানে তৈরি পোশাক শিল্প নিয়ে গবেষণাধর্মী প্রতিবেদনের জন্য বিজিএমইএ এবং বিইউএফটি যৌথভাবে বিভিন্ন গণমাধ্যমের ৬ জন প্রতিবেদককে ফেলোশিপ প্রদান করে।