সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৫

সাভারে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ৫জন। আহতদের স্থানীয় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভারের আমিনবাজার, জিরানী ও কবিরপুর এলাকায় গতকাল সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সকাল সাড়ে ৭টার দিকে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস অজ্ঞাতনামা ১ বৃদ্ধকে (৫৫) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর কিছু সময় পর আশুলিয়ার জিরানী বাজার এলাকায় নবীনগর থেকে চন্দ্রাগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ১ যাত্রী নিহতসহ আহত হয়েছেন ৫ জন। প্রাথমিকভাবে আহত ও নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার মধুমতি মডেল টাউনের সামনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় অজ্ঞাত ১ যুবকের মৃত্যু হয়েছে। সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে।