'বিএনপি-জামায়াত স্বাধীনতার বিপক্ষের শক্তি। ডিসেম্বরের ৩০ তারিখ জাতীয় নির্বাচন। এই বিজয়ের মাসে আমরা স্বাধীনতার বিপক্ষের শক্তিকে বিজয়ী হতে দিতে পারি না। বাংলাদেশের কাছে তরুণ প্রজন্ম এ বিষয়ে দায়বদ্ধ।'
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলানায়তনে 'আসন্ন জাতীয় নির্বাচন : তরুণ প্রজন্মের কাছে প্রত্যাশা' শিরোনামে এক গোলটেবিল বৈঠকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এসব কথা বলেন। 'সম্প্রীতি বাংলাদেশ' নামে একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্রলীগ সভাপতি বলেন, দেশকে নিয়ে ভাবার জন্য কিছু তরুণ একত্রিত হয়েছে। এই চিন্তা-ভাবনা আমাদের একদিন অনেক দূরে নিয়ে যাবে। আমরা তরুণরা সৎ, আদর্শবান সত্য-সুন্দর এবং সৃষ্টিশীলতায় বিশ্বাসী। তরুণরাই '৫২র ভাষা আন্দোলন থেকে শুরু করে '৭১ সালে দেশ স্বাধীন করার জন্য ঝাপিয়ে পড়েছিল। কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম আজ কোন দিকে! যখন দেখি বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে বুকে পিঠে 'রাজাকার' লেখে!
এ সময় তিনি সমাজের জ্ঞানী-গুণীদের কাছে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর আহ্বান জানান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ছাত্রলীগ সভাপতি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তরুণ প্রজন্মকে অবশ্যই নৌকায় ভোট দিতে হবে। তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের একত্রিত করে নৌকার বিজয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে উল্লেখ করেন।
ইত্তেফাক/নূহু