ঝিনাইদহে স্বামী-স্ত্রীসহ পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ঝিনাইদহে স্বামী-স্ত্রীসহ বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। শৈলকুপায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী স্বামী পিকুল হোসেন (২৮) ও স্ত্রী ইতি বেগম (২৫) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি সদর উপজেলার রূপদা গ্রামে। শৈলকুপা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, স্বামী-স্ত্রী মোটর সাইকেলযোগে উপজেলার নওয়াপাড়া গ্রামে যাওয়ার পথে গাড়াগঞ্জে পেট্রোল পাম্পের সামনে কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ইতি বেগম ঘটনাস্থলে মারা যান। স্বামী পিকুল হোসেনকে মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে ঢাকা আসার পথে তিনি মারা যান। মানিকগঞ্জে মাইক্রো-লেগুনা সংঘর্ষে নিহত ১ ঢাকা-আরিচা মহাসড়কের মনিকগঞ্জের গোলড়া নামক স্থানে মাইক্রো-লেগুনা মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালক ফারুক (২২) নিহত হয়েছে। এ ঘটনায় মাইক্রো চালক ও লেগুনার এক যাত্রী আহত হয়েছে। নিহত ফারুক সাটুরিয়ার জান্না গ্রামের জাবেদ আলীর পুত্র। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে গোলড়া এলাকায় আকিজ টেক্সটাইলের সামনে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এলাকাবাসী লেগুনা চালক ফারুককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। আশুগঞ্জে এসআই নিহত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এসআই মো. নাসির উদ্দিন শরিফ (৪০) নিহত হয়েছে। নিহত নাসির উদ্দিন আশুগঞ্জ থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে। নিহত নাসিরের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানায়। ফুলপুরে মোটর সাইকেলের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত ময়মনসিংহের ফুলপুর উপজেলার শেরপুর রোডে সোমবার রাতে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা আব্দুল হক চৌধুরী (৬৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। জানা যায়, শেরপুর রোডের তার বাসার সামনে অটো রিকশা থেকে নেমে বাসায় ঢোকায় সময় পিছন দিক থেকে একটি মোটর সাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।