পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২০:৩৮
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
চৌদ্দগ্রামে বিদ্যুত্স্পৃষ্ট
হয়ে যুবকের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার সকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. সেলিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার উল্লাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। জানা গেছে, সকাল সোয়া নয়টায় সেলিম নির্মাণাধীন বিল্ডিংয়ে পানির মোটরের কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ভালুকায় পানিতে ডুবে
কৃষকের মৃত্যু
ভালুকায় পানিতে ডুবে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার বগাজান গ্রামের মৃত পাখি ফকিরের ছেলে জালাল উদ্দিন রাতে সবার অজান্তে বাড়ির পাশে নিঝুরী খালে ডুবে মারা যান। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন নিহত জালাল উদ্দিনের লাশ উদ্ধার করে।
সোনারগাঁওয়ে যুবকের
লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বস্তল এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ধামইরহাটে সাপের
দংশনে গৃহবধূর মৃত্যু
নওগাঁর ধামইরহাটে সাপের দংশনে তহমিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত তহমিনা উপজেলার বিহারীনগর চকপ্রসাদ গ্রামের মজিবর রহমানের স্ত্রী। জানা যায়, তহমিনা ও তার স্বামী নিজ ঘরের মধ্যে শুয়ে থাকাবস্থায় মঙ্গলবার ভোর রাতে একটি সাপ তাকে দংশন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তহমিনা মারা যায়।