সুজানগরে ৫টি গরুর মৃত্যু
সুজানগর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২০:৩৮
বিষাক্ত ঘাস খেয়ে পাবনার সুজানগরে একদিনের ব্যবধানে দু’টি পরিবারের ৫টি হালের বলদের মৃত্যু হয়েছে। এতে তাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছেন।
জানা যায়, গত মঙ্গলবার বিকালে উপজেলার কামার দুলিয়া গ্রামের আবুল হোসেন মৃধার ৩টি হালের বলদ নেপিয়ার জাতের বিষাক্ত ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় পশু ডাক্তার এসে চিকিত্সা দিলেও কিছু সময়ের মধ্যেই গরু ৩টি মারা যায়। সোমবার উপজেলার কেষ্টপুর গ্রামের জুব্বার আলীর ২টি হালের বলদ ওই ঘাস খেয়ে অসুস্থ হওয়ার কিছু সময়ের মধ্যেই মারা যায়। উপজেলা প্রাণি সম্পদ অফিসের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, নেপিয়ার জাতের ঘাস গরুর জন্য ভাল খাবার। তবে ওই ঘাসের সাথে বিষাক্ত কিছু থাকলে সেটা গরুর জন্য মৃত্যুর কারণ হতে পারে।