গল্প নয় সত্যি
ছবির ভুলে!
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২০:৪১
এই দুনিয়ার তাবত রাষ্ট্রপ্রধানকে আপনি চিনবেন এমনটা কল্পনা করাও মুশকিল। তবে তাই বলে আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামাকে না চেনাটা এ যুগে একটু বাড়াবাড়িই হয়ে যায়। বিশেষ করে তথ্যের অবাধ প্রবাহ আর সংবাদমাধ্যমগুলোর সরব উপস্থিতির কারণে অধিকাংশ শিক্ষিত মানুষের কাছেই বারাক ওবামার নাম ও অবয়ব মোটামুটি পরিচিত। তবে কোনো এক অজ্ঞাত কারণে বারাক ওবামাকে যদি আপনি না-ই চিনে থাকেন তাহলে সেটি কী বড় কোনো সমস্যা হয়ে দেখা দিতে পারে? আপনার ক্ষেত্রে এর উত্তর হ্যাঁ বা না এর যে কোনোটাই হতে পারে। তবে সম্প্রতি বারাক ওবামার সাথে ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার ক্রিস স্মলিংকে গুলিয়ে ফেলার কারণে কিন্তু রীতিমতো চাকরি খুঁইয়েছেন ইংল্যান্ডের শিক্ষানবিশ এক ডিজাইনার। নাম প্রকাশ না হওয়া ঐ কোম্পানির বিশ্বকাপের স্যুভেনির হিসেবে ইংল্যান্ডের জাতীয় দলের সদস্যদের ছবি ও নাম সম্বলিত মগের ডিজাইন করার দায়িত্ব দিয়েছিল এক শিক্ষানবিশ ডিজাইনারকে। তবে মগটির ডিজাইন করার জন্য অনলাইন থেকে জাতীয় দলের খেলোয়াড় স্মলিং এর ছবি ডাউনলোড করার পরিবর্তে ভুলবশত ওবামার ছবি ডাউনলোড করে তা দিয়েই মগটির ডিজাইন চূড়ান্ত করেন ঐ ডিজাইনার। আর পরদিন তার করা এই ডিজাইনটি যখন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন আরেক কর্মকর্তার কাছে অনুমোদনের জন্য পাঠানো হয় তখন তিনিও আগের রাতে বন্ধুদের সাথে পোকার খেলে ক্লান্ত ছিলেন বলে বিষয়টি খেয়াল না করেই ছেড়ে দেন। এভাবে দু’দিন পরে মগটি যখন ছবি ও নাম সম্বলিত প্রিন্টসহ অফিসে ডেলিভারি দেওয়া হয় তখনই চোখ কপালে ওঠে সবার। যেখানে বেশ অনেকদিন ধরেই স্যুভেনির গ¬াস কোস্টার, মগ ও মাউসপ্যাড নিয়ে ব্যবসা করে সফলতা পেয়ে আসছিল প্রতিষ্ঠানটি সেখানে এ ধরনের ভুলের কথা জানাজানি হলে তা যে প্রতিষ্ঠানটির বারোটা বাজাবে এটা বেশ ভালোই বুঝতে পেরেছিলেন কর্তাব্যক্তিরা। আর তাই মগগুলো বেশ গোপনীয়তা রক্ষা করেই পাঠিয়ে দেওয়া হয় একটি হোলসেল ক্লিয়ারেন্স প্রতিষ্ঠানের গোডাউনে। তবে শেষতক গোডাউনের এক কর্মী কৌতুহলবশত একটি মগ খুলে দেখা থেকেই হাস্যকর এই ভুলটির কথা জানাজানি হয়ে যায়।