কৃষিশ্রমিক সুরক্ষায় চাই পূর্ণাঙ্গ আইন
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২০:৪৬
আলোচনা সভায় বক্তারা
কৃষি শ্রমিকদের অধিকার সুরক্ষায় একটি পূর্ণাঙ্গ ‘কৃষি শ্রমিক অধিকার আইন’ প্রণয়নের দাবি জানিয়েছে কর্মজীবী নারী ও কৃষি শ্রমিক অধিকার মঞ্চ। নেতৃবৃন্দ বলেছেন, দেশের ৬ কোটি কৃষকের অধিকার সুরক্ষা ও তাদের বেঁচে থাকার মতো চাহিদাগুলো পূরণে একটি কৃষি শ্রমিক আইন বাস্তবায়ন অতি জরুরি।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘কৃষি শ্রমিক অধিকার আইন’-এর দাবিতে জাতীয় পর্যায়ের আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মজীবী নারী ও কৃষি শ্রমিক অধিকার মঞ্চ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, কৃষকদের জন্যে যদি একটি আইনের ব্যবস্থা করে যেতে পারি তো আমার ভালো লাগবে। এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় জোরালো ভূমিকা রাখবে। তিনি বলেন, আমি গ্রামের ছেলে, কৃষির সঙ্গে আমার ও আমার পরিবারের নিবিড় সম্পর্ক; অতএব আমি কৃষকের কষ্ট-যন্ত্রণা ভালোভাবে উপভোগ করতে পারি। তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের ব্যাপারে অনেক বেশি আন্তরিক, আমরা চেষ্টা করছি কৃষকদের দক্ষতা বৃদ্ধির জন্যে প্রশিক্ষণ চালু করতে।
বিশেষ শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার বলেন, শিল্প শ্রমিকের থেকে কৃষি শ্রমিকের বিষয়টি ভিন্ন। অনেক মালিকই এখানে কৃষি শ্রমিক। এসব শ্রমিক কীভাবে তাদের অধিকার সুরক্ষা ও মর্যাদা রক্ষা পায়; এসব বিষয় রেখে কৃষি শ্রমিকদের জন্যে একটি আইন প্রণয়ন করা প্রয়োজন। তিনি বলেন, কর্মজীবী কৃষি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি খসড়া আইন করেছে। সেই খসড়া আইনের ভিত্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ শুরু করতে পারে।
কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিকের পরিচালনায় উপস্থিত ছিলেন, পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন:বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি শামছুজ্জামান সেলিম ও বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্-এর এডভোকেট নজরুল ইসলাম। অনুষ্ঠানে খসড়া আইনের উপর আলোচনা করেন কর্মজীবী নারীর সমন্বয়ক সানজিদা সুলতানা ও ধারণাপত্র পাঠ করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার মোর্শেদা জাহান হোসেন।
অনুষ্ঠান শেষ পর্বে কৃষি শ্রমিকের জন্য পূর্ণাঙ্গ আইনের দাবিতে ১০ জেলার প্রতিনিধিসহ কৃষি শ্রমিক অধিকার মঞ্চের নেতৃবৃন্দ, জাতীয় কৃষক ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে শিরীন আখতার এমপিকে আহবায়ক এবং কর্মজীবী নারী সংগঠনের সমন্বয়ক সানজিদা সুলতানাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় পর্যায়ের একটি কমিটি গঠন করে।