জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে অর্থ বরাদ্দের দাবি টিআইবির

প্রস্তাবিত বাজেটে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে (বিসিসিটিএফ) তহবিল বরাদ্দ না দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বাজেট প্রস্তাব চূড়ান্ত করার আগেই বিসিসিটিএফে প্রয়োজনীয় তহবিল বরাদ্দের আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী এ্যানেক্স-১ ভুক্ত উন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রেজিলিয়েন্স ফান্ডে (বিসিসিআরএফ) প্রয়োজনীয় তহবিল বরাদ্দের দাবি জানিয়েছে টিআইবি। এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ সরকার পরপর গত চার অর্থ বছরে জাতীয় বাজেট থেকে অর্থ বরাদ্দ দিয়ে বিসিসিটিএফ গঠনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের সদিচ্ছার প্রমাণ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিবেচনায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্যদিকে এর মাধ্যমে বিসিসিআরএফ এ এ্যানেক্স-১ ভুক্ত উন্নত দেশগুলো থেকে তহবিল প্রাপ্তির যৌক্তিক ভিত্তিকে সুদৃঢ় করেছে। ২০০৯-১০ অর্থ বছর হতে বিসিসিটিএফ তহবিলে মোট ২ হাজার ৭শ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা ছাড়াই হঠাত্ করে ২০১৪-১৫ অর্থ বছরের জাতীয় বাজেটে বিসিসিটিএফ এ তহবিল বরাদ্দ না করায় আমরা বিস্মিত। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কর্মকৌশল (বিসিসিএসএপি) অনুযায়ী অভিযোজন কার্যক্রমের জন্য বিসিসিটিএফে প্রয়োজনীয় তহবিল বরাদ্দের বিকল্প নেই। তাই ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে কমপক্ষে ২০১৩-১৪ অর্থ বছরের বাজেটের সমপরিমাণ তহবিল বরাদ্দ করা উচিত বলে আমরা মনে করি।