শ্বেতী কোন ছোঁয়াচে রোগ নয়, প্রয়োজন সচেতনতা

আজ বিশ্ব শ্বেতী দিবস। এই দিবসটি বাংলাদেশে পালিত না হলেও এ দেশে অসংখ্য শ্বেতী রোগী রয়েছে। এই শ্বেতী রোগ নিয়ে মানুষের মধ্যে নানা কুসংস্কার থাকলেও এই রোগ সম্পর্কে সচেতনতার উদ্যোগ নেই। অথচ শ্বেতী কোন ছোঁয়াচে রোগ বা কোন অভিশাপ নয়। অন্যান্য অটোইম্যিউন ডিজিজের মত শ্বেতীও একটি রোগ। এখনও পর্যন্ত এই রোগের কোন উন্নত চিকিত্সা বের হয়নি। তবে তিন ধরনের চিকিত্সার মাধ্যমে অনেক ক্ষেত্রে শ্বেতী ভালো হয়। শ্বেতী হলে ত্বকের মেলানিন নষ্ট হয়ে ত্বক সাদা হয়ে যায়। তবে অনেক ক্ষেত্রে টপিক্যাল স্টেরয়েড ক্রিম, টেকরোলিমাস ক্রিমসহ অন্যান্য টপিক্যাল ওষুধ এবং সান ব¬ক ব্যবহার করে ত্বকে রিপিগমেন্টেশন বা ত্বকের রং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে অনেক ক্ষেত্রে শ্বেতী চিকিত্সা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এছাড়া ফটো থেরাপি, লেজার ও সার্জিক্যাল ট্রিটমেন্টও করা হয়। সবচেয়ে যে বিষয়টি বেশি গুরুত্ব দেয়া দরকার তা হচ্ছে শ্বেতী নিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ব্যাপক উদ্যোগ নেয়া দরকার। জনগণ, সমাজ, পরিবারের সদস্যদের শ্বেতী সম্পর্কে বুঝাতে হবে যে শ্বেতী কোন ছোঁয়াচে রোগ বা অভিশাপ নয়। শ্বেতী রোগীর সঙ্গে করমর্দন বা সংস্পর্শে আসলে কোন ক্ষতি হয় না। এছাড়া শ্বেতী রোগ সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি উন্নত চিকিত্সার সুযোগ সৃষ্টি করতে হবে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ