সিআরআর বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২০:৪৮
বাংলাদেশ ব্যাংকে নগদ জমার হার (সিআরআর) শূন্য দশমিক পাঁচ শতাংশ বাড়িয়ে সাড়ে ছয় শতাংশ করা হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের সাড়ে ছয় শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম ছয় শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদ জমা হিসেবে সংরক্ষণ করতে হবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের সব তফসিলি ব্যাংককে (শরীয়াহ ভিত্তিক ব্যাংকসহ) তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ছয় শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম পাঁচ দশমিক পাঁচ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদ জমা হিসেবে সংরক্ষণ করতে হয়। মুদ্রানীতির উদ্দেশ্য পূরণকল্পে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।