‘আমাদের ফাইনালে খেলার যোগ্যতা আছে’
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২১:৫১
নিজেদের সক্ষমতা অনুযায়ী খেলতে পারলে নাইজেরিয়ার বিশ্বকাপ ফাইনালে খেলার সম্ভাবনা আছে বলে মনে করেন স্ট্রাইকার পিটার ওদেমউইংগি। টুর্নামেন্টের প্রথম দুই খেলায় একটিমাত্র গোল দেয়া নাইজেরিয়ার সেই গোলটি আসে ওদেমউইংগির কাছ থেকে।
প্রথম ম্যাচে ইরানের সঙ্গে ড্র করা নাইজেরিয়া দ্বিতীয় ম্যাচে বসনিয়া হার্জেগোভিনাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে সুপার ঈগলরা। ফলে আজ আর্জেন্টিনার সাথে ড্র করলেই নাইজেরিয়া উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে। তবে হেরে গেলেও সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না তাদের। ইরান যদি বসনিয়ার সাথে হেরে যায় তাহলেও এক পয়েন্টের ব্যবধানে বসনিয়াকে পেছনে ফেলবে ইরান। সেক্ষেত্রে তিন খেলা শেষে নাইজেরিয়ার পয়েন্ট দাঁড়াবে ৪, বসনিয়ার ৩। তবে অন্য ম্যাচের ফলাফলের দিকে না তাকিয়ে নিজেদের ম্যাচ নিয়েই ভাবছেন ওদেমউইংগি। আর্জেন্টিনার বিরুদ্ধে আজকের খেলা তো বটেই, বিশ্বকাপ জেতার সামর্থ্যও তাদের আছে দাবি করেন ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির হয়ে খেলা ওদেমউইংগি। ৩২ বছর বয়সী এ স্ট্রাইকার বলেন, ‘রাস্তায় এক ব্রাজিলিয়ানের সাথে আমার দেখা হয়েছিল যে আমাকে বলেছিল, সে দিব্যদৃষ্টিতে দেখছে ব্রাজিল-নাইজেরিয়ার ফাইনাল হচ্ছে। আমি নিজেকে প্রশ্ন করলাম কে নয়? কারণ আমাদের খেলোয়াড়দের সামর্থ্য সম্পর্কে আমি জানি এবং তারা এখনো তাদের ফর্মের চূড়ায় উঠতে পারেনি।’
নিজেদের শক্তিমত্তা সম্পর্কে তিনি আরো বলেন,‘আমাদের দলের শক্তিশালী রক্ষণভাগ, সৃজনশীল মিডফিল্ড এবং এমন একটি আক্রমণভাগ রয়েছে যারা বিশ্বের যে কোনো দলের রক্ষণভাগকে চুরমার করে দিতে পারে। এই সবগুলো ভাগ একসাথে জ্বলে উঠতে পারলেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব।’
ফ্রান্সে ১৯৯৮ বিশ্বকাপে নাইজেরিয়া সর্বশেষ গ্রুপ পর্বের বাধা পেরিয়েছিল।