বসনিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক
খেলবে ইরান
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২১:৫২
ইরানের মিডফিল্ডার আশকান দেজাঘা এখনও বিশ্বকাপের শেষ ষোলয় জায়গা করে নেয়ার ব্যাপারে আশাবাদী। এজন্য তাদের আজ রাতে বসনিয়ার বিপক্ষে আক্রমণাত্নক খেলে গ্রুপে নিজেদের শেষ খেলাটিতে জিততে হবে।
কোচ কার্লোস কুইরোজের দল ব্রাজিলে এখনো জিততে পারেনি। গেল শনিবার আর্জেন্টিনার কাছে দুর্ভাগ্যবশত হারলেও দলটির খেলা ছিল নজরকাড়া। সেদিন তারা ভালোই খেলেছিল। খেলার ইনজুরি টাইমে লিওনেল মেসির গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। ইতিহাস গড়া থেকে বঞ্চিত হয় ইরান।
ব্রাজিল বিশ্বকাপে ইরান তাদের প্রথম খেলায় নাইজেরিয়ার সাথে গোলশূন্য ড্র করেছিল। তারপরও এশিয়ার দেশটির এখনো দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ আছে। দেজাঘার বিশ্বাস, ব্রাজিলের সালভাদরে অনুষ্ঠেয় খেলাটিতে বসনিয়া হার্জেগোভিনিয়ার বিপক্ষে সেক্ষেত্রে জয় আদায়ে তাদের কেবল আরেকটু ভাল করতে হবে। ফুলহ্যামের এই মিডফিল্ডার ফিফা ডটকমকে দেয়া সাক্ষাত্কারে দেজাঘা বলেন, ‘আশা করি এই তৃতীয় ম্যাচটা আরেক ধাপ এগিয়ে নেবে। আমরা নিশ্চিতভাবেই গোলের জন্য খেলতে যাচ্ছি এবং আমাদের এখনো সুযোগ আছে, আমি নিশ্চিত এ ব্যাপারে।’
তিনি আরো বলেন, ‘আমাদের যা করতে হবে তা হলো-ইতিমধ্যে পাওয়া ভাল দিকগুলোকে গ্রহণ করে অন্য বিভাগগুলোয় আরো খানিকটা উন্নতি করা। এরপর বসনিয়ার বিরুদ্ধে জয়ের জন্য নিজেদের উজাড় করে দেয়া। আমরা যদি তা করতে পারি এবং আমি মনে করি এটা এমন একটা খেলা যা আমরা জিততে পারি। শুধু তাই নয় আমরা এখনো পরের রাউন্ডে উঠতে পারি।’
তিনি আরো বলেন, ‘আমাদের মেসি, অ্যাগুয়েরো ও ডি মারিয়ার মতো খেলোয়াড় নেই। কাজেই আমাদের যতটা সম্ভব গুছিয়ে নিয়ে খেলার ব্যাপারে মনোনিবেশ করতে হবে।’