প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা জিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামী দুই জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনৈতিক নেতাদের সম্মানে খালেদা জিয়ার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন বিএনপির চেয়ারপার্সনের পক্ষ থেকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও দলের প্রেসিডিয়াম সদস্যদের নামে দাওয়াতপত্রগুলো পৌঁছে দেন। সেখানে কার্যালয়ের কর্মকর্তা আলাউদ্দিন এসব দাওয়াতপত্র গ্রহণ করেন। প্রতিবছর রজমান মাসে রাজনৈতিক নেতাদের সম্মানে খালেদা জিয়া ইফতার মাহফিলের আয়োজন করেন।