দিল্লির নির্দেশে নিজামীর রায় স্থগিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ অভিযোগ করে বলেছেন, নয়াদিল্লীর নির্দেশে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায় দেয়া হয়নি। তিনি বলেন, পূর্বের রায়গুলো নিয়ে দেশে অনেক রক্তপাত হয়েছে। নিজামীর রায় দিলে হরতাল হতে পারে এই আশঙ্কায় সরকার রায় দিচ্ছে না। ‘র’ এর এজেন্ট থেকে খবর এসেছে রায় দেয়া যাবে না। কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশে আসছেন। এর মধ্যেই যদি রায়টি ঘোষণা করা হয় তাহলে সারা দেশে নতুন করে সংঘর্ষ তৈরি হবে। এতে করে সরকারের ভাবমূর্তি পাশের দেশের কাছে নষ্ট হবে। এ জন্যই এ রায় দেয়া হয়নি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘আতঙ্কের জনপদ বাংলাদেশ- শান্তি প্রতিষ্ঠায় জনতার করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন তিনি। ফরিদা মনি শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পেশাজীবী পরিষদের আহবায়ক রুহুল আমিন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ। হান্নান শাহ বলেন, রায় কেন হলো না? কারণ জনগণ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। সুষমা যদি দেখেন জনগণ প্রতিবাদ করছে তাহলে তিনি ভাববেন সরকারের সঙ্গে জনগণ নেই। তিনি বলেন, ওই রায়ের প্রতিবাদে যদি হরতাল হয়, তাহলে সরকারের সঙ্গে প্রতিবেশী দেশের বন্ধুত্বের সেই বেলুন ফুটো হয়ে যাবে। তাহলে কী বুঝলেন? বাংলাদেশের সবকিছু এখন প্রতিবেশী দেশ, সাউথ ব্লক থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। সরকারের উদ্দেশে তিনি বলেন, এখনও সময় আছে, দ্রুত নির্বাচন দিন। অন্যথায় আপনাদের বঙ্গোপসাগর ও পদ্মা নদীতে ঝাঁপ দিতে হবে। এর পরিণতি ভাল হবে না।