পর্যাপ্ত পানি থাকলেও তা বিশুদ্ধ নয়

দেশের একটা বড় চ্যালেঞ্জ হলো বিশুদ্ধ পানির নিশ্চয়তা সাধন করা। কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পানির বিশুদ্ধতা নিশ্চিতকরণে তেমন উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে মোট ১৩টি আবাসিক হল আছে। হলগুলোতে পর্যাপ্ত পানি থাকলেও তার বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পানি ব্যবহার করার সময় মাঝে মাঝে কালো ময়লা (ভারী ধাতু ও শ্যাওলা) ও কচুরিপানা বের হয়। অনেক সময় পুকুরের ঘোলাটে পানির মতো পানি পাওয়া যায়। এই দূষিত পানি ব্যবহার করে শিক্ষার্থীরা পানিবাহিত বিভিন্ন রোগ (ডায়রিয়া, আমাশয়, পোলিও,  হেপাটাইটিস, টাইফয়েড ইত্যাদি) ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে। ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। অনেকদিন ধরে পানির কন্টেইনারগুলো পরিষ্কার না করায় এই ধরনের অবস্থা তৈরি হয়েছে। অনেক কন্টেইনার কনক্রিটের তৈরি। অনেকদিন ধরে পানি থাকার কারণে এইগুলোতে শ্যাওলা ও কচুরিপানা জন্মেছে। যা পানির সঙ্গে বের হতে দেখা যায়। আবার লোহার পাইপগুলো দীর্ঘদিন অপরিষ্কারের কারণে পানিতে বিভিন্ন ধাতুর উপস্থিতির আশঙ্কাও বেড়ে গেছে। বারবার হল কর্তৃপক্ষকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের হোটেলগুলো কন্টেইনারের পানি খাওয়ার ও হাতধোয়ার জন্য সরবরাহ করে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবেন—পরিশেষে, এমনটাই প্রত্যাশা।

তানিউল করিম জীম

কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ