আজ আসছেন সুষমা স্বরাজ
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২২:১১
শুভেচ্ছা আর সুসম্পর্কের বার্তা নিয়ে আজ বুধবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই সুষমা স্বরাজের এই সফর। ঘনিষ্ঠ ও নিকটতম প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো উন্নয়ন এবং দ্বিপাক্ষিক বোঝাপড়া বাড়ানোই এই সফরের উদ্দেশ্যে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভুটান সফর ছাড়া বাংলাদেশেই প্রথম দ্বিপাক্ষিক সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক সব ইস্যুতে আলোচনা করবেন সুষমা স্বরাজ। ঝুলে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তি ও সীমান্ত প্রটোকল অনুমোদনসহ বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের নীতি ও অবস্থান জানাবেন তিনি। বাংলাদেশ পক্ষ এই দুই ইস্যুতে সুনির্দিষ্টভাবে ভারত সরকারের মনোভাব ও প্রতিশ্রুতি প্রত্যাশা করছে বলে কূটনৈতিক সূত্র জানায়। ভারতের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর আমন্ত্রণে ঢাকা সফরকালে অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন সুষমা স্বরাজ। আজ রাত সাড়ে দশটায় বিশেষ বিমানযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন তিনি। বিমানবন্দর থেকে তিনি যাবেন হোটেল সোনারগাঁও-এ। ঢাকা সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। বৃহস্পতিবার সকালে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্, বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন তিনি। সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক : সহযোগিতার জন্য কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর দেয়া নৈশভোজে যোগ দেয়া ছাড়াও ব্যবসায়ী ও চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের কথা রয়েছে কর্মসূচিতে। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করবেন। এরপর জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের সঙ্গে সাক্ষাত্ শেষে সকাল সাড়ে এগারটায় বিশেষ বিমানযোগে নয়াদিল্লী ফিরে যাবেন।
প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক
ঘনিষ্ঠ করার তাগিদ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সোমবার নয়াদিল্লীতে সার্কভুক্ত বিভিন্ন দেশ ও প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন। এতে তিনি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরো নিবিড় ও ঘনিষ্ঠ করার তাগিদ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সংক্রান্ত বিশেষ উদ্যোগ এগিয়ে নেয়ার নির্দেশ দেন তিনি। এজন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের কথা বলেন। ২৬ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানগণ যোগ দেন। এই বিশেষ উদ্যোগের মধ্য দিয়ে বিজেপি সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতি সুস্পষ্ট হয়েছে। এর ভিত্তিতে অগ্রসর হওয়ার আহবান জানান সুষমা স্বরাজ। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ছাড়াও পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঐ বৈঠকে বক্তব্য রাখেন। বাংলাদেশে ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ ছাড়াও সার্কভুক্ত সব দেশ এবং চীন, ইরান, মিয়ানমারে, ভারতীয় রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন।