নারায়ণগঞ্জ উপ-নির্বাচন

উপজেলা নির্বাচনের পুনরাবৃত্তি চাই না

বিগত উপজেলা নির্বাচনে যে জালিয়াতি ও অনিয়ম হয়েছে নারায়ণগঞ্জ ৫ আসনের উপ-নির্বাচনে আমরা তার পুনরাবৃত্তি চাই না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিশিষ্ট নাগরিক সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. কামাল হোসেন নির্বাচন সুষ্ঠু করতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদকে লেখা একটি চিঠি পড়ে শোনান। চিঠিতে বলা হয়েছে, আগামী ২৬ জুন এই আসনে উপ-নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্মিলিত নাগরিক ঐক্যের প্রার্থী এসএম আকরামের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের মিত্র জাতীয় পার্টির প্রার্থীর পক্ষ থেকে নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে। এই নির্বাচন নিয়ে ইতোমধ্যে সাধারণ ভোটাররাও হুমকি পাচ্ছেন এবং তাদের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে উল্লেখ করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে বিপুল পরিমাণ টাকা বিতরণ করা হচ্ছে বলেও চিঠিতে অভিযোগ করা হয়। ড. কামাল হোসেন বলেন, সিইসি বর্তমানে কেনিয়ায় অবস্থান করছেন বলে এই খোলা চিঠি দেয়া হচ্ছে। সিইসির ঠিকানা ও নির্বাচন কমিশনেও এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। প্রতিনিয়ত জাতীয় পার্টির প্রার্থীর পক্ষ থেকে নির্বাচন বিধি লংঘন করা হচ্ছে অভিযোগ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না বলেন, আমরা নির্বাচনে অর্থ ও পেশী শক্তির খেলা দেখতে চাই না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী।