ভবিষ্যতে অর্থের বিনিময়ে স্মার্ট কার্ড দেয়া হবে

নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেছেন নির্বাচন কমিশন বর্তমানে ছবিযুক্ত যে জাতীয় পরিচয়পত্র দিয়েছে তাতে কারো কারো ছবিতে সমস্যাসহ নানা ভুলভ্রান্তি রয়েছে। ভবিষ্যতে নতুন আঙ্গিকে সবাইকে ঝকঝকে ছবিসহ নির্ভুল জাতীয় পরিচয়পত্র সরবরাহ করা হবে। সেটা হবে উন্নত মানের প্লাস্টিকের তৈরি ‘স্মার্টকার্ড’। যা অর্থের বিনিময়ে কিনতে হবে। তিনি বলেন, বর্তমানে বিনামূল্যে দেয়া জাতীয় পরিচয়পত্র অনেকেই যত্নে রাখেন না এবং কেউ কেউ হারিয়ে ফেলেছেন। আগামীতে যে স্মার্টকার্ড সবররাহ করা হবে সেটা হারালে যে অর্থ ব্যয়ে কার্ডটি কেনা হবে তার চেয়ে অনেক বেশি খরচে নতুন কার্ড সংগ্রহ করতে হবে। তিনি মঙ্গলবার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পর্যবেক্ষণ করতে কাপ্তাই এসে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।