নওগাঁর রাণীনগরে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক প্রতিবেশীর বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে গ্রামের উত্তেজিত জনতা। মঙ্গলবার দুপুরে উপজেলার কুজাইল হিন্দুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কুজাইল হিন্দুপাড়া গ্রামের মৃত খগেন্দ্রনাথের ছেলে ডাবলু (২৮) একই গ্রামের জনৈক ব্যক্তির পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে একটি বাঁশঝাড়ের পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ডাবলু পালিয়ে যায়। এর পর গ্রামের উত্তেজিত জনতা ডাবলুকে ধরতে তার বাড়িতে যায়।
এ সময় প্রাণের ভয়ে ডাবলুর বোন, ভাইয়েরা গ্রামের বিকাশ চন্দ্র নামের এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। এ সময় লোকজন বিকাশ চন্দ্রের বাড়ি ঘেরাও করে হামলা চালিয়ে ভাঙচুর করে।
আরও পড়ুন: ময়মনসিংহে পারভেজ হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন
বিকাশ চন্দ্র জানান, কোনো অপরাধ ছাড়াই গ্রামের কতিপয় লোকজন ঈর্ষান্বিত হয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও বোন, ভাতিজিসহ পরিবারের লোকজনকে মারপিট করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন তিনি।
এ ব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/অনি