কুমিল্লায় নির্মাণের ৭ দিনেই ধসে পড়েছে রিটার্নিং ওয়াল
লুত্ফর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০১৪, ২০:৩৩
কুমিল্লায় জেলা পরিষদের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) অফিস সংলগ্ন পুকুরের রিটার্নিং ওয়াল নির্মাণের কাজ শেষ হওয়ার ৭ দিনের মধ্যে এবং কাজটি জেলা পরিষদকে বুঝিয়ে দেয়ার আগেই তা ধসে পড়েছে। এ নিয়ে জেলা পরিষদের অধীন বিভিন্ন নির্মাণ প্রকল্পের কাজের গুণগতমান নিয়ে নগরজুড়ে বেশ আলোচনার ঝড় বইছে।
জানা গেছে, মহানগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সড়কের পাশে জেলা পরিষদের সন্নিকটে এলজিইডি অফিস সংলগ্ন জেলা পরিষদের পুকুরের চতুষ্পার্শ্বে সরকারি অর্থায়নে রিটার্নিং ওয়াল নির্মাণ করা হয়। জেলা পরিষদের অধীন ওই কাজটি দেয়া হয় আল-আকসা কন্সট্রাকশন নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে। স্থানীয়রা জানান, অত্যন্ত নিম্নমানের নির্মাণ কাজের কারণে মঙ্গলবার সন্ধ্যায় পুকুরের দক্ষিণ পার্শ্বের রিটার্নিং ওয়ালটি সম্পূর্ণরূপে ধসে পুকুরে পড়ে যায়। গতকাল বুধবার ধসে পড়ার চিহ্ন আড়াল করতে ইট-সুরকি অপসারণ করে নেয় সংশ্লিষ্টরা।
জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক জানান, নির্মাণ কাজটি শেষ হলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কাজ বুঝিয়ে দেয়া হয়নি। বৃষ্টির পানির কারণে রিটার্নিং ওয়ালটি ভেঙ্গে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি তা পরিদর্শন করেছি। এ কাজটি ঠিকাদারকে পুনরায় সম্পন্ন করে দিতে হবে।