উখিয়ায় ফরম সংকটে ৩ সহস্রাধিক লোক ভোটার হতে পারেনি

উখিয়ায় চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গত মঙ্গলবার সম্পন্ন হলেও ফরম সরবরাহ না থাকায় নির্ধারিত সময়ে উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের ৩ সহস্রাধিক ভোটারযোগ্য লোক ভোটার হতে পারেনি। ভোটার হতে না পারায় ভোটারদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। গত ১৫ জুন থেকে ২৪ জুন পর্যন্ত হালনাগাদ কার্যক্রম চলে। চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উখিয়া কাজীপাড়ার হাছান মুহাম্মদ শামীম জানান, ছুটি নিয়ে ভোটার হতে এসেছিলাম। ফরম সংকটের কারণে ভোটার হতে পারিনি। সৌদি প্রবাসী পাতাবাড়ী গ্রামের মোহাম্মদ রফিক বলেন, ভোটার হওয়ার জন্য সৌদি থেকে দেশে এসে ফরম সংকটের কারণে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারিনি। নির্বাচন অফিসার বলেন, যারা ভোটার হয়নি, পরে তাদের ব্যাপারে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী বলেন, মাঠপর্যায়ের কর্মীরা যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতা ও সরকারের সরবরাহকৃত বিশেষ ফরমের সংকট থাকায় যেসব লোকজন ভোটার হতে পারেনি তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে।