আয়োডিনবিহীন ভোজ্য লবণ প্রতিরোধ শীর্ষক কর্মশালা

কক্সবাজারে ‘আয়োডিনবিহীন ভোজ্য লবণ প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় আলোচকরা আয়োডিনবিহীন লবণ প্রতিরোধের আহবান জানান। শহরের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হোসেনের সভাপতিত্বে বিসিকের অয়োজনে এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, ইউনিসেফ-এর চট্টগ্রাম জোনাল নিউট্রেশন অফিসার ডা. ইউ বে সুই ও বিসিক (প্রকল্প) পরিচালক পতিত পাবন বৈদ্য। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, বিসিক পরিচালক (প্রযুক্তি) ও সিআইডিডি’র প্রকল্প পরিচালক আবু তাহের খান। কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বিসিক চেয়ারম্যান বলেন, কক্সবাজার জেলায় ৪৫টি লবণ মিলের মধ্যে মাত্র ১৭টি লবণ মিল কিছুটা হলেও মান রক্ষা করছে। বাকি মিলগুলো মোটেও আয়োডিন না মিশিয়ে লবণ বাজারজাত করছে। এ কারণে জনস্বাস্থ্য হুমকিতে পড়েছে। জনগণকে ঝুঁকি থেকে রক্ষা করতে সকলের সহযোগিতা দরকার। কর্মশালায় বিভিন্ন দফতরের অর্ধশত লোক অংশগ্রহণ করেন।