শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

গতকাল বুধবার শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। এদিন বাজারে লেনদেনের ক্ষেত্রে বড় মূলধনী কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল বেশি। তাই লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, বেক্সিমকো, বিএসসি ও সামিট পাওয়ার। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, টানা ৭ দিন দর পতনের পর গত তিনদিন ধরে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। গত বছরে ২৪ শতাংশ বৈদেশিক বিনিয়োগ বাড়ার সংবাদ বিনিয়োগকারীদেরকে আশান্বিত করেছে। এরমধ্যে প্রায় ২৬ শতাংশ বিনিয়োগ এসেছে টেক্সটাইল খাতে। ফলে এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের চাহিদা বেড়েছে। গতকাল এ খাতের কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে প্রায় ১ শতাংশ। এদিকে গত ছয় কার্যদিবস পর গতকাল লেনদেন হয়েছে তিনশ’ কোটি টাকার উপরে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩৭ কোটি ৭২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৭ কোটি ১৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২০০টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। ডিএসইসূত্রে জানা গেছে, এদিকে পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতের এইমস ফার্স্ট ফান্ডের মেয়াদ আরো ১০ বছর বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছেন বিনিয়োগকারীরা। গতকাল বুধবার অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় তারা এইমস ফার্স্টের মেয়াদ ৩০ জুন ২০২৫ পর্যন্ত বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছেন। পরবর্তী ১০ বছরের জন্য বিজিআইসিকে ট্রাস্টি এবং এইমস অব বাংলাদেশ লিমিটেডকে সম্পদ ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালনেরও সম্মতি দেয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এইমস ফার্স্টের মেয়াদ বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে। এদিকে তালিকাভুক্তির শর্ত অনুযায়ী ২০১৫ সালের ৩০ জুন এইমস ফার্স্টের মেয়াদ শেষ হতে যাচ্ছে।