বিভিন্ন স্থানে চারজন খুন

বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। গোপালপুরে নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বৈরান নদীর জামতৈল ব্রিজ চত্বর থেকে গতকাল বুধবার অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে গলায় ওড়না পেঁচানোর দাগ রয়েছে। পুলিশ জানায়, গলায় ওড়না জড়িয়ে শ্বাসরোধে হত্যা করে কেউ ফেলে রেখে গেছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ঈশ্বরগঞ্জে লাশ উদ্ধার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার লাটিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদের চর থেকে অজ্ঞাত পরিচয় (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ব্রহ্মপুত্র নদের চরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। গতকাল বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঈশ্বরগঞ্জ থানার ওসি তদন্ত জমির হোসেন জানান, নিহতের মুখে ও নাভির নিচে একাধিক আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। জীবননগরে স্ত্রীকে হত্যার অভিযোগ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা আঁশতলাপাড়ায় গত মঙ্গলবার রাতে দ্বিতীয় স্ত্রী সবেরা খাতুন (৩২) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত সবেরার ভাই হাতেম আলী বলেন, বোনকে কুপিয়ে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে রেখে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। স্বামীপক্ষের লোকজন জানায়, মঙ্গলবার রাত ৩টায় সবেরা খাতুনকে তার বাপের বাড়ি বৈদ্যনাথপুর গ্রামে রেখে আসার জন্য স্বামী নজরুল ইসলাম পিলু (৫২) মোটর সাইকেলযোগে নিয়ে যাওয়ার পথে পেছন থেকে জেআর পরিবহনের একটি নৈশকোচ ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। গতকাল বুধবার ভোরে সবেরার লাশ সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়। একই স্থান হতে আহত অবস্থায় নজরুল ইসলাম পিলুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহে যুবলীগ কর্মী খুন ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়িতে জমি বিরোধের জের ধরে শরীফ নামে এক মত্স্য খামারিকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার বেগুনবাড়ির মীর্জাপুর গ্রামে সুরুজ্জামান খোকন ও বাদল ড্রাইভার পরিবারের মধ্যে ২২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মঙ্গলবার রাত ৯টায় বেগুনবাড়ি বাজারে গেলে বাদল ড্রাইভারের লোকজন স্থানীয় যুবলীগ কর্মী ও মত্স্যখামারি শরীফ আহম্মেদ কুপিয়ে আহত করে। তাকে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানান।