শাপলাপুর ইউপি নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের নির্বাচন স্থগিতাদেশে প্রত্যাহার করেছেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ। ফলে নির্বাচন কমিশনের আদেশ পুনরায় স্থগিতে নির্বাচন অনুষ্ঠানে আর কোন বাধা রইলো না। গত ১০ জুন নির্বাচন কমিশন শাপলাপুর ইউনিয়নের নির্বাচন বন্ধে স্থগিতাদেশ প্রদান করে। এ স্থগিতে সংক্ষুব্ধ হয়ে জনৈক মোহাম্মদ নুরুল হক সুপ্রীম হাইকোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ফারাহা মাহাবুব ও কাজী মোহাম্মদ ইজহারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ নির্বাচন কমিশনের স্থগিতাদেশ তিন মাসের জন্য স্থগিত এবং রিটের সংশ্লিষ্ট পক্ষকে আগামী ৪ সপ্তাহের মধ্যে জবাব দাখিলের রুলনিশি জারি করে। আগামী ২৮ জুন উপজেলার শাপলাপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা মনোনয়নপত্রও দাখিল করেন এবং মনোনয়ন যাচাই-বা্ছাই করা হয়। কিন্তু প্রতীক বরাদ্দের পূর্ব মুহূর্তে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিতের আদেশ দেয়। এ আদেশকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও নির্বাচনমুখী জনতার মধ্যে পক্ষে-বিপক্ষে সভা-সমাবেশ নিষিদ্ধে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।