জার্মানিকে ফেবারিট মনে করছেন রোবেন
প্রকাশ : ২৫ জুন ২০১৪, ২১:৩৫
নিজ দেশ কিংবা স্বাগতিক ব্রাজিল নয় জার্মানিকে বিশ্বকাপ ফেবারিট মনে করছেন নেদারল্যান্ডের আরিয়েন রোবেন। তবে দুরন্তভাবে টুর্নামেন্ট শুরু করা ডাচ সতীর্থদের পা মাটিতে রাখতে বলেছেন তিনি।
নেদারল্যান্ডস ২৯ জুন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলায় মেক্সিকোর মোকাবিলা করবে। ওই ম্যাচটির প্রাক্কালে কখনোই বিশ্বকাপ জিততে না পারা দেশটির এই তারকা জার্মানির বন্দনা করলেন।
জার্মানির বুন্দেশ লিগায় খেলা ফরোয়ার্ড রোবেন বলেন, ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিকরা নয় জোয়ালিম লো’র দলই শিরোপা জয়ে ফেবারিট।
তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ৪-০ গোলে হারায়। এরপর দ্বিতীয়টিতে ঘানার সঙ্গে ২-২ গোলে ড্র করে। শেষ ১৬ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র করাই তাদের জন্য যথেষ্ট।
বায়ার্ন মিউনিখ উইঙ্গার রোবেন মনে করেন, চতুর্থবার বিশ্বকাপ ঘরে তুলতে যা যা দরকার লো’র দলে তা আছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে আমার ফেবারিট জার্মানি। তারা খুবই ভাল খেলছে।’
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলের বড় ব্যবধানের পর অস্ট্রেলিয়া এবং চিলিকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নেদারল্যান্ড নিজেও এখন শিরোপার অন্যতম দাবিদার।
তবে রোবেন বলেন, তাদের নিজেদের জন্য এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আকাশে না উড়ে মাটিতে পা রাখা এবং কোচ লুইস ফন গালের পরামর্শ বাস্তবায়ন অব্যাহত রাখা। তিনি আরো বলেন, ‘অবশ্যই আমাদের পা মাটিতে রাখতে হবে। অবশ্যই আমাদের লড়াই করার মানসিকতা অব্যাহত রাখতে হবে এবং অবশ্যই একে অপরের পাশে দাঁড়াতে হবে। আমরা এখানে কিছু অর্জন করতে চাইলে অবশ্যই কোচের ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে।
ডাচ তারকাটি আরো বলেন,‘তিনি কি করছেন তা কেবলমাত্র তিনিই জানেন। আপনি জিতলে এরপর যা করবেন সবই সঠিক হবে।’
দ্বিতীয় রাউন্ডে ২৯ জুন মেক্সিকোর মোকাবিলা করবে হল্যান্ড।-বাসস