ইউরোপা লিগ শেষটা শিরোপায় রাঙাতে চান হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক

চেলসি ইউরোপা লিগের ফাইনালে আজ রাতে আর্সেনালের মুখোমুখি হবে। দলটির ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড এই ম্যাচের আগে জানালেন সম্ভাব্য শেষ ম্যাচটায় শিরোপা জিততে চান তিনি।

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় এই ম্যাচের আগে চেলসিকে অনুপ্রেরণা দিতে পারে পরিসংখ্যান। ইউরোপীয় প্রতিযোগিতায় তৃতীয় বারের মতো আর্সেনালের মুখোমুখি হতে যাওয়া চেলসি এর আগে ২০০৩-০৪ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ৩-২ ব্যবধানে জিতেছিল। এ ছাড়াও, দুই দলের এটি ষষ্ঠ ইউরোপীয় ফাইনাল হলেও চেলসির শিরোপার পাল্লাটা বেশ ভারী। একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও দুটি কাপ উইনার্স কাপ জিতেছে চেলসি, অন্যদিকে আর্সেনাল জিতেছে মোটে একটি কাপ উইনার্স কাপ। 

এমন এক দলের বিপক্ষে ইউরোপার ফাইনালে মুখোমুখি হবার আগে হ্যাজার্ড জানালেন এই ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে তার দল। তিনি বলেন, ‘এটা একটা ইউরোপীয় প্রতিযোগিতা, তাই আমার জন্য, ক্লাবের জন্য, ম্যানেজারের জন্য, ভক্ত-সমর্থকদের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ।’ চেলসি শিরোপাজয়ের লক্ষ্যেই নামবে এই ম্যাচে। হ্যাজার্ড বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ কিংবা ইএফএল কাপ যেই প্রতিযোগিতাতেই খেলুন না কেন, যখন আপনি কোনো একটা ফাইনাল খেলেন কেবল জয়ই লক্ষ্য থাকবে আপনার।’

মৌসুম শেষেই দল ছাড়ার গুঞ্জন আছে বেলজিয়ান এই ফরোয়ার্ডের। চলতি মাসের শুরুতে ক্লাব কর্তৃপক্ষকে নিজের ভবিষ্যত্ নিয়ে সিদ্ধান্তও জানিয়ে দিয়েছেন তিনি। চেলসির হয়ে শেষ ম্যাচে শিরোপা জিততে চান হ্যাজার্ড। তিনি বলেন, ‘যদি এটা আমার শেষ ম্যাচ হয়ে থাকে তবে আমি শিরোপাটা জিতেই শেষ করতে চাই। চেলসিতে আমার প্রথম শিরোপাটা ছিল ইউরোপা লিগ, যদি শেষটাও ইউরোপা দিয়েই হয় তবে দারুণ হবে।’

মৌসুম শেষে রিয়ালে যোগ দেয়ার গুঞ্জন আছে তার। তবে চুক্তির ঘোষণা আসার আগে কিছু বলতে নারাজ হ্যাজার্ড, ‘এই মুহূর্তে কিছু হয়নি, তাই আমি কিছু বলতে পারি না। এটা ক্লাবের হাতে আছে কিন্তু আমি একে এক পাশে রাখতে পারি। এটা চলতি মৌসুমের পুরোটা জুড়েই করছি আমি এবং অনেক ভালোও খেলেছি। আমি সেই প্রক্রিয়াতেই থাকতে চাই। আপাতত ফুটবল ছাড়া আর কিছু ভাবছি না। ফাইনালের পরে আমরা দেখবো কি হয়।’ এ দিকে, আর্সেনাল রাজনৈতিক কারণে মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ানকে পাচ্ছে না এই ম্যাচে। আজারবাইজানে অনুষ্ঠেয় ম্যাচটি থেকে নিরাপত্তাজনিত কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আর্মেনীয় এই মিডফিল্ডার। চোটের কারণে অ্যারন রামসেকেও পাচ্ছে না গানাররা। এ ছাড়া, প্রায় চোটমুক্ত এক দলই ইউরোপার ফাইনালে পাচ্ছে আর্সেনাল।