রজার মিলারকে ছাড়িয়ে মনড্রাগন
প্রকাশ : ২৫ জুন ২০১৪, ২১:৩৭
এতোদিন বিশ্বকাপে সবচেয়ে বয়সী খেলোয়াড়ের রেকর্ডটা ছিল ক্যামেরুনের রজার মিলারের দখলে। তবে, চলমান বিশ্বকাপে সেই রেকর্ডটা ছিনিয়ে নিলেন কলম্বিয়ার গোলরক্ষক ফারিড মনড্রাগন। কুইয়াবায় জাপানের বিপক্ষে গত মঙ্গলবার ৮৬ মিনিট মাঠে নেমে তিনি এই গৌরব অর্জন করেন।
শেষ পাঁচ মিনিট মাঠে ছিলেন তিনি। কলম্বিয়া জাতীয় দলের হয়ে এটা ছিল তার ৫৬ তম ম্যাচ। দলের হয়ে সর্বশেষ তিনি খেলেছিলেন ২০০৫ সালে। ১৯৯৮ সালের বিশ্বকাপ স্কোয়াডেও ছিলেন তিনি। ২৪ বছরের পেশাদার ক্যারিয়ারে তিনি খেলেছেন গ্যালাতাসারে ও ইন্ডিপেন্ডেন্টের মত ক্লাবে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘পেকারম্যান আমাকে খেলতে উত্সাহ দিয়েছে। তার প্রতি আমি কৃতজ্ঞ। তার জন্যই আমি এখনও খেলছি। উনি না বললে হয়তো দুইবছর আগেই আমি অবসর নিয়ে নিতাম। দিনটি আমার সব সময় মনে থাকবে। এটা আমার জীবনের সেরা জন্মদিনের উপহার।’ ৪৩ বছর ৩ দিন বয়সে তিনি গত পরশু মাঠে নামেন। আর এর ফলে আফ্রিকান কিংবদন্তী খেলোয়াড় রজার মিলারকে পিছনে ফেলে সবচেয়ে বেশী বয়সে বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করেন। মিলার সর্বশেষ ৪২ বছর ৩৯ দিন বয়সে বিশ্বকাপে খেলেছিলেন। যুক্তরাষ্ট্রে ১৯৯৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে গোল করার পর তার নাচ বেশ প্রশংসিত হয়েছিল।
এবারের আসরে দুর্দান্ত ফর্মে থাকা কলোম্বিয়ার পুরো দলকে নিয়েই প্রশংসা করেছেন পেকারম্যান। বিশেষ করে তার রিজার্ভ গোলরক্ষকদের অবদানের কথা বলতে তিনি ভুল করেননি। গতকাল নতুন এই রেকর্ড সৃষ্টির পরে কলোম্বিয়ান কোচ বলেছেন, ‘ফারিড আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। যখন থেকে তিনি জাতীয় দলে যোগ দিয়েছেন তখন থেকেই দলের পক্ষে দারুণ অবদান রেখে আসছেন। একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে তার মত কেউ দলে থাকলে তা কার্যত দলের তরুণদের দারুণ উজ্জীবিত করে। ফারিডও সেই কাজটাই দীর্ঘদিন ধরে করে আসছে। আজ আমরা তাকে রেকর্ড সৃষ্টি করার সুযোগ করে দিয়েছি।’
ক্লাব ফুটবলে মনড্রাগন কলোম্বিয়ায় খেলে থাকেন। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে তিনি দলের প্রথম গোলরক্ষক ছিলেন। ১৯৯৩ সালে তিনি জাতীয় দলের জার্সি গায়ে প্রথম মাঠে নামেন। বাসস/বিবিসি/ডেইলি মেইল
বিশ্বকাপের বুড়োরা
খেলোয়াড় বিশ্বকাপ দেশ বয়স
ফারিড মনড্রাগন ২০১৪ কলম্বিয়া ৪৩ বছর ৩ দিন
রজার মিলা ১৯৯৪ ক্যামেরুন ৪২ বছর ১ মাস ৮ দিন
প্যাট জেনিংস ১৯৮৬ নর্দান আয়ারল্যান্ড ৪১ বছর
পিটার শিলটন ১৯৯০ ইংল্যান্ড ৯০ বছর ৯ মাস ১৯ দিন
ডিনো জফ ১৯৮২ ইতালি ৪০ বছর ৪ মাস ১৩ দিন
আলি বোউমনিজেল ২০০৬ তিউনিসিয়া ৪০ বছর ২ মাস ১০ দিন