ট্রেনে কাটা পড়ে শিশু ও অজ্ঞান পার্টির খপ্পরে নিহত ১

রাজধানীর জোয়ার সাহারা এলাকায় ট্রেনে কাটা পড়ে ১০ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অন্যদিকে, গুলিস্তানে একটি ট্রাভেল এজেন্সির এক কর্মচারী অজ্ঞান পার্টির খপ্পরে মারা গেছেন। জিআরপি পুলিশ জানায়, বুধবার সকাল ১১ টার দিকে ক্যান্টনমেন্ট রেল স্টেশনের অদূরে জোয়ার সাহারা লেভেল ক্রসিংয়ের কাছ থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। কমলাপুর জিআরপি থানার ওসি আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় শিশুটি মারা যায়। এদিকে, গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল মতিন নামে ট্রাভেল এজেন্সির একজন কর্মচারী মারা গেছেন। বুধবার দুপুরে এক ব্যক্তি তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। ঐ ব্যক্তি জানান, তিনি ফকিরাপুলের আল আমানা ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। অফিসের মালিক দুপুরে তাকে বলেন যে, প্রভাতী বাস কাউন্টারের সামনে তাদের কর্মচারী আব্দুল মতিন। অচেতন অবস্থায় পড়ে আছেন। তিনি মতিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কিভাবে মতিন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তা বিস্তারিত জানা যায়নি।