সেদিন দূরে নয় যেদিন কোন রোগী চিকিত্সার জন্য বিদেশ যাবেন না ------------ স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের চিকিত্সক সমাজ অত্যন্ত অভিজ্ঞ ও উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন। আন্তরিকতার সঙ্গে তারা যদি মানুষের সেবায় নিয়োজিত হন তবে চিকিত্সা সেবায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেয়ার ক্ষমতা রাখে। এমনকি সিঙ্গাপুর ও মালয়েশিয়াকেও পিছনে ফেলে এগিয়ে যাবে। তিনি বলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন কোনো রোগীকে চিকিত্সার জন্য বিদেশে যেতে হবে না। সকল রোগী দেশেই চিকিত্সা নিবেন। গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ মিলন হলে বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক কার্ডিয়াক ক্যাথল্যাব উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিত্সকদের গ্রামে রাখাই এখন সরকারের অন্যতম লক্ষ্য। তিনি তৃণমূল পর্যায়ে চিকিত্সকদের উপস্থিতি নিশ্চিত করতে বিএমএসহ সিনিয়র চিকিত্সকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, মাঠ পর্যায়ে কাজ করলে চিকিত্সকদের গাড়ি দেয়া হবে। বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে। জন্মগত হূদরোগে আক্রান্ত দরিদ্র শিশুদের বিনা অপারেশনে চিকিত্সার জন্য বিভিন্ন ডিভাইস, স্ট্যান্ট লাগানোসহ চিকিত্সা সচল রাখার স্বার্থে বাত্সরিক ৬ কোটি টাকা বরাদ্দ দেয়ার ঘোষণা দেন মন্ত্রী। একই সঙ্গে তিনি বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ শিশু সার্জারি কেন্দ্র গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি। বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, বিএসএমএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, বিএসএমএমএইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আবু সিদ্দিক, শিশু কার্ডিওলজি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ও বিএসএমএমইউ’র বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, প্রক্টর অধ্যাপক ডা. এ.এস.এম জাকারিয়া স্বপনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিত্সক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্বাস্থ্যমন্ত্রী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রনজিত কুমার বিশ্বাস, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের স্ত্রীকে দেখতে যান। ‘অবৈধ ব্লাড ব্যাংক বন্ধে অভিযান অব্যাহত থাকবে’ এদিকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, অবৈধ ব্লাড ব্যাংক বন্ধ করার জন্য অভিযান শুরু হয়েছে। এটা অব্যাহত থাকবে। কারণ ভুয়া ও ভেজাল রক্ত নিয়ে যারা ব্যবসা করছে তারা রক্ত পিপাসু। তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এমএস আকবর এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী রক্তদাতা, স্বেচ্ছা রক্তাদান কর্মসূচির সংগঠকসহ সংশ্লিষ্টদের পদক দেয়া হয়।