শাহজালাল ব্যাংকের পরিচালক গ্রেফতার

শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মো. সোলায়মান হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে রাজধানীর বিজয় সরণির আকরাম টাওয়ার থেকে দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। ব্যাংক কর্তৃপক্ষের দায়ের করা দুর্নীতির মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। দুদক সূত্র জানায়, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মো. সোলায়মান হোসেন ঋণ জালিয়াতির মাধ্যমে ব্যাংকটি থেকে প্রায় ১৪০ কোটি টাকা আত্মসাত্ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। গত ১৩ এপ্রিল এ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় ব্যাংক কর্তৃপক্ষ মামলাটি দায়ের করে। পরবর্তীকালে এ মামলার তদন্তভার দুদকের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতারের পর মো. সোলায়মানকে প্রথমে দুদক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আদালতে পাঠানো হয়। এদিকে গ্রেফতারের পর এক বিবৃতিতে মো. সোলায়মান হোসেন জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন সময় নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় কয়েকজন ব্যবসায়ী নেতা ও এফবিসিসিআইয়ের প্রাক্তন এক সভাপতি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।