কুমিল্লায় ডিজিটাল মেলার উদ্বোধন

জেলার আদর্শ সদর উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল বুধবার ডিজিটাল মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. আব্দুর রউফ, সহকারী কমিশনার (ভূমি) মো. কায়ছারুল ইসলাম, সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রকৌশলী মো. নূরুল ইসলাম, কৃষি কর্মকর্তা কাজী ফারুক আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান প্রমুখ। মেলায় উপজেলার ৬টি ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্র ও একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ ১০টি স্টলে তথ্য প্রযুক্তিসহ সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়।