খাদ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে :প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৫ জুন ২০১৪, ২২:১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভেজাল খাদ্য ও পণ্য থেকে জনগণকে রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। খাদ্যপণ্যে ভেজাল নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সরকারের নেওয়া কার্যক্রমে ভোক্তারা সুফল পেতে শুরু করেছেন। ভবিষ্যতে খাদ্যপণ্যে ভেজাল মিশ্রণকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। গতকাল বুধবার জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য এনামুল হকের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান।
একই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে ভেজালপণ্য ও ওষুধ বিক্রির অপরাধে ৮ হাজার ৭৯৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ৮ কোটি ৮ লাখ ৯৮ হাজার তিনশ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। শুধু খাদ্যপণ্যে ফরমালিন মেশানোর কারণে ১৮৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ২৪ লাখ ৫১ হাজার একশ টাকা জরিমানা করা হয়েছে। ফরমালিন মিশ্রিত ফল-মাছ স্পটেই ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে ৪৬৩টি ফার্মেসিকে ৪২ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, ভোক্তা অধিকার আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২ হাজার ৮৩৩টি প্রতিষ্ঠানকে ১ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে। এতে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ডও দেওয়া হয়েছে। মৌসুমী ফলে রাসায়নিক দ্রব্য মিশ্রণ প্রতিরোধে দেশব্যাপী প্রতিদিন ১৪/১৫টি মনিটরিং টিম তদারকি কার্যক্রম জোরদার করেছে।
পদ্মা সেতু আর স্বপ্ন নয়
এডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এখন পদ্মা সেতু আর স্বপ্ন নয়। বাস্তবায়ন শুধু সময়ের ব্যাপার। আমরা আশা করি, ২০১৮ সালে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হবে ইনশাল্লাহ। পদ্মা সেতু নির্মাণের জন্য সকল প্রস্তুতিমূলক কাজ শেষে নিজস্ব অর্থায়নে তা বাস্তবায়ন কাজ চলছে। সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ২ হাজার ৪০৩ একর জমি অধিগ্রহণ করে সেতু বিভাগে ন্যস্ত করা হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য এ মাসেই ১২ হাজার ১৩৩ কোটি টাকা ব্যয়ে কার্যাদেশ দেয়া হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদন হয়েছে। এছাড়া নদীর তীর রক্ষার দরপত্র ইতোমধ্যে দাখিল হয়েছে, যা মূল্যায়ন করে শীঘ্রই কার্যাদেশ দেয়া হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র
আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের জন্য ঈশ্বরদীর রূপপুরে বাস্তবায়ন সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ৩টি পর্যায়ে ৫৫০ মিলিয়ন বা প্রায় ৪ হাজার ৪শ’ কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম ও এটমস্টোরি প্রাথমিক কাজ করছে। আশা করা যায় ২০২১ সালের মধ্যে এখান থেকে প্রাথমিকভাবে এক হাজার এবং ২০২২ সালে আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদিত হবে।
প্রতিবন্ধী নয় ‘বিশেষ দক্ষতা সম্পন্ন মানুষ’
ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রতিবন্ধী শব্দটি পরিবর্তন হয়ে এখন তাদেরকে ‘বিশেষ দক্ষতা সম্পন্ন মানুষ’ বলা হয়। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকার এ ধরনের বিশেষ দক্ষতা সম্পন্ন জনগোষ্ঠীর সংখ্যা নির্ধারণ, দৃশ্যমান ও অদৃশ্যমান প্রতিবন্ধিতা সনাক্তকরণ, নিবন্ধন এবং পরিচয়পত্র প্রদান, ছবিসহ ডাটাবেজ প্রস্তুত এবং লক্ষ্যভুক্তির কৌশল সহজ করতে ২০১২-১৩ অর্থবছর হতে দেশব্যাপী বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তির শনাক্তকরণ জরিপ কার্যক্রম বাস্তবায়ন করছে। ২০১৪ সালের জুন পর্যন্ত ১৬ লাখ ৯৬ হাজার ৫৫৯ জন বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তির জরিপকৃত তথ্য সংগ্রহ করা হয়েছে। এই কার্যক্রম চলমান আছে। কার্যক্রম সম্পন্ন হলে বিশেষ দক্ষতা সম্পন্ন জনগোষ্ঠীর সঠিক সংখ্যা নির্ণয় করা যাবে।