থাইল্যান্ডে প্রথম প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে

বাংলাদেশ ফুটবল দল ১ : ১ থাইল্যান্ড এয়ার ফোর্স ইউনাইটেড ফুটবল ক্লাব

 স্পোর্টস রিপোর্টার

থাইল্যান্ডের এয়ার ফোর্স ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ ফুটবল দল। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ বিপলুর গোলে খেলার ৪ মিনিটেই এগিয়ে ছিল। ১৬ মিনিটে পাল্টা গোল হজম করে অনুশীলনরত বাংলাদেশ। থাইল্যান্ডে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আগামী ১ জুন।

থাই লিগের প্রথম সারির লিগ হতে এয়ার ফোর্স ইউনাইটেডের রেলিগেশন হয়ে গেছে। এই দলটিতে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ফ্রান্সের ফুটবলার খেলেছিলেন লিগের শেষ আসরে। গতকাল ব্যাংককে এয়ার ফোর্সের নিজেদের মাঠে এত দিন বাংলাদেশের ফুটবলাররা অনুশীলন করেছেন। মাঠের সঙ্গে মানিয়ে নিলেও প্রতিপক্ষের সঙ্গে পেরে উঠেননি বাংলাদেশের ফুটবলাররা। ৪ মিনিটে গোল করে ১২ মিনিট ধরে রাখতে না পারাটা রক্ষণভাগকেই দায়ী করা হচ্ছে। রক্ষণভাগে সমস্যা নিয়েই থাইল্যান্ড গিয়েছেন ব্রিটিশ কোচ জেমি ডে। একাধিক ফুটবলার নেই দলে। ইনজুরি মাঠ থেকে সরিয়ে দিয়েছে। নাসির উদ্দিন চৌধুরী রক্ষণের দায়িত্ব পালন করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিমিয়ার লিগ থেকে আসা ফুটবলাররা জাতীয় দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেননি। কালই প্রথম প্রস্তুতি ম্যাচে কোচ জেমি ডে দেখলেন তার ছেলেদের কোথায় এবং কি কি সমস্যা রয়েছে।

 গোল পেয়ে খুশি বিপলু আহমেদ। কারণ সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে বিপলুর গোলে লাওসকে হারিয়েছিল বাংলাদেশ। সেই থেকে বিপলু যেন ফুটবল মাঠের আলোচিত খেলোয়াড় হয়ে উঠলেন। প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলার বিপলু আহমেদ গোল করে আত্মবিশ্বাস পাচ্ছেন।    

থাইল্যান্ডে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করতে গিয়েছে বাংলাদেশের ২৩ সদস্যের ফুটবল দল। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলে তিন দিন আগেই লাওস চলে যাবে জেমি ডের ফুটবল দল। ২০২১ এশিয়ান কাপ ফুটবলের বাছাই এবং ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের খেলায় বাংলাদেশের অভিযান শুরু হবে লাওসে।  লাওসের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ৬ জুন। ফিরতি ম্যাচ ঢাকায় ১১ জুন।  ঢাকার ম্যাচটি শেষ হলে ১৫ জুন প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা রয়েছে।