সব বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে দেশ

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, স্বাধীনতার বিপক্ষ দেশীয় ও আন্তর্জাতিক শক্তি প্রতি পদে পদে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশ পরিচালনায় বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে এসব বাধা উপেক্ষা করে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের এই অগ্রগতির ধারা কেউ আটকাতে পারবে না। গতকাল বুধবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ এসব কথা বলেন। দলের প্রেসিডিয়াম সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, দলের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রমুখ। আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রেখে সরকার গঠন হয়েছে। তাই এই সরকার পরিচালনার ক্ষেত্রে প্রতি পদে পদে প্রতিবন্ধকতা আসবে। এসব উপেক্ষা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামীতে জয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গণতন্ত্রহীন উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই আমরা চাই দলকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করে ঢেলে সাজাতে। নয়তো সরকারের পক্ষে তার কাজগুলো জনগণের মাঝে পৌঁছানো সম্ভব হবে না। তিনি বলেন, আগামীতে উন্নয়নমূলক কাজ দিয়ে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে। আমরা উন্নয়নও চাই, আবার সঙ্গে সঙ্গে গণতন্ত্রও চাই।