শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২০:১৭
শেয়ারবাজারে সূচক কিছুটা বাড়লেও লেনদেন কমেছে। এদিকে আগের দিনের মতো গতকাল বৃহস্পতিবারও লেনদেন হয়েছে বড় মূলধনী কোম্পানিগুলো ঘিরে। এর মধ্যে রয়েছে বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন ও স্কয়ার ফার্মাসহ বেশ কয়েকটি কোম্পানি।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৬১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০২ কোটি ৭৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৪ কোটি ৯৪ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মা কোম্পানি কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে দর বাড়ার কোনো নেপথ্য কারণ রয়েছে কিনা তা জানতে চাওয়ার প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার এ জবাব দিয়েছে বেক্সিমকো কর্তৃপক্ষ। জানা গেছে, বিগত ১২ কার্যদিবসে বেক্সিমকোর শেয়ার দর ১০ টাকা বা ৪৫ শতাংশ বেড়েছে। গত ১০ জুন শেয়ারটি লেনদেন হয় ২২ টাকায় আর গতকাল লেনদেন হয়েছে সর্বোচ্চ ৩২ টাকায়।
এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের মেয়াদ ১০ বছর বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছেন ইউনিটহোল্ডাররা। গতকাল বৃহস্পতিবার ফান্ডটির বিশেষ সাধারণ সভায় ফান্ডের মেয়াদ ৩০ জুন ২০২৫ পর্যন্ত বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছেন তারা। এ সময়ের জন্য এইমস অব বাংলাদেশ লিমিটেডকে সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনেরও সম্মতি দিয়েছেন তারা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর ফান্ডটির মেয়াদ বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হবে। তালিকাভুক্তির শর্ত অনুযায়ী ২০১৫ সালের ৩০ জুন গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের মেয়াদ শেষ হচ্ছে।