কাল চাটমোহর পৌরসভার উপ নির্বাচন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২০:৩২
পাবনার চাটমোহরে পৌরসভার উপ-নির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। সমপ্রতি চাটমোহর পৌরসভার মেয়র ও সংরক্ষিত কাউন্সিলরের পদ শূন্য হয়। আইনী বাধ্যবাধকতার কারণে ওই দুই পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন কর্তৃপক্ষ।
নির্বাচনে মেয়র পদে সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান (কাপ-পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (তালা), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল (আনারস), সাবেক ছাত্রদল নেতা মনির উদ্দিন মনি (চশমা) ও ইলেকট্রিশিয়ান তারা মিয়া (দোয়াত কলম) প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইয়াসমিন আরা বুরি (কলস) ও পিয়ানুর বিশ্বাস (টিউবওয়েল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নিয়ে বিভ্রান্তি চলছে।
দুই প্রার্থীই নিজেদের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে দাবি করছেন। বিএনপি সমর্থিত প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান সে ক্ষেত্রে এগিয়ে আছেন। স্বল্প সময়ের এই নির্বাচনে প্রার্থীদের দম ফেলার সময় নেই। কে মেয়র হচ্ছেন-এই আলোচনা এখন সর্বত্রই।