এনডিটিভি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের ভাবী ও ভাতিজির পচাগলা লাশ তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে আসানসোল শহরের হিন্দুস্তান পার্ক এলাকার বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। প্রতিবেশীরা পুলিশকে ওই বাড়ি থেকে পচা গন্ধ আসার কথা জানানোর পর পুলিশ বাড়ির দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে। লাশ দুটি জয়শ্রী ঘটক (৬৫) ও তার কন্যা কস্তুরি ঘটকের (৩৫) বলে শনাক্ত করা হয়েছে। জয়শ্রী মন্ত্রী মলয়ের মৃত বড়ভাই অসীম ঘটকের স্ত্রী। ২০১৭ সালে আইনজীবী অসীম ঘটকেরও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। আসানসোলের দামোদর নদীতে মূর্তি বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। তারপর থেকে বাড়িতে মেয়েকে নিয়ে থাকতেন তার স্ত্রী। প্রতিবেশী ও স্বজনরা জানিয়েছেন, অসীমের মৃত্যুর পর থেকে তার স্ত্রী ও কন্যা মানসিক অবসাদে ভুগতে থাকেন। তারা প্রতিবেশীদের সঙ্গেও তেমন মিশতেন না।