ভারতের ঝাড়খন্ডে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর বহনকারী গাড়ি লক্ষ্য করে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে আট কোবরাসহ ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত চিকিত্সার জন্য হেলিকপ্টারে করে রাঁচিতে নেওয়া হয়েছে। খবর ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকার
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৫টা নাগাদ ‘কোবরা’ বাহিনী ও ঝাড়খণ্ড পুলিশ যখন মাওবাদীদের খোঁজে তল্লাশি চালায় তখনই কুচাইয়ে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আইইডি বা ইমপ্রোভাইজ্ড এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে এর বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে মুহূর্তের মধ্যে গাড়িটি অনেক উপরে উঠে যায়। পুলিশ আরো জানায়, মাওবাদীদের মূল লক্ষ্য ছিল কোবরার ২০৯ কম্বাইন্ড কমব্যাট ফোর্স। আর এই উদ্দেশ্যকেই সামনে রেখে তারা এ হামলা চালিয়েছে। কয়েক দশক ধরে কুচাই এলাকাটি মাওবাদীদের দখলে ছিল। এখানে বসেই তারা বিভিন্ন ধরনের নাশকতা চালিয়ে যাচ্ছিল। তবে গত কয়েক বছরে এই এলাকায় তাদের প্রভাব অনেক কমে এসেছিল। ঘটনার দিন পুলিশ অভিযানে গেলে পূর্ব থেকেই তারা টের পেয়ে ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটায়। রাস্তার পাশে পুঁতে রাখা ওই আইইডির বিস্ফোরণে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, ভারতের লোকসভা নির্বাচন চলাকালে মহারাষ্ট্রের গড়চিরোলিতে হামলা চালায় মাওবাদীরা। হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জওয়ান ও এক বেসামরিক নাগরিক নিহত হন। এর আগে ছত্রিশগড়ের দান্তেওয়াড়ায় বিজেপি বিধায়কের কনভয়ে আইইডি হামলা চালায় মাওবাদীরা। এ হামলায় নিহত হয় পাঁচ জন। নিহতদের মধ্যে বিজেপি বিধায়ক ভীমা মান্ডভিও ছিলেন। কয়েক মাস আগে দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় নিহত হন দূরদর্শনের এক সাংবাদিক ও দুই পুলিশ সদস্য।