দুশ্চিন্তামুক্ত ফরাসী শিবির
স্পোর্টস রিপোর্টার, ব্রাজিল থেকে
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২১:১০
বিশ্বকাপ শুরুর আগেও ছন্নছাড়া ছিল ফ্রান্স ফুটবল দল। সামির নাসরিকে দলে না নেয়া, ফ্র্যাঙ্ক রিবেরির ইনজুরি — সব মিলিয়ে ফরাসি দলকে নিয়ে খুব বেশিদূর এগোনোর স্বপ্ন ছিল না কোচ দিদিয়ের দেশমের। কিন্তু প্রথম রাউন্ডের শেষভাগে এসে আশাবাদী হতে শুরু করেছেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।
গত বিশ্বকাপে প্রথমপর্বেই শেষ হয়ে গিয়েছিল ফরাসীদের যাত্রা। এবার শুরু থেকেই আছে তারা দারুণ ছন্দে। প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে তারা হারিয়েছে ৫-২ গোলে। শেষ ম্যাচ তাই গোলশূন্য ড্র হলেও সেটা নিয়ে ভাবছে না ফ্রান্স।
গোলবন্যা থেকে গোলখরা হলেও এসব নিয়ে একদমই দুশ্চিন্তা নেই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের। টুর্নামেন্টের এই পর্যায়ে যা পাওয়ার কথা, সেটা পেয়েই খুশি তিনি। গত বুধবার রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়া ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে ফ্রান্স। প্রথম দুই ম্যাচে ৮ গোল করা ফ্রান্স এ ম্যাচে শূন্য হাতে ফেরায় সমালোচনাও শুরু হয়ে গেছে চারদিকে।
১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্সের অধিনায়ক দেশম কিন্তু এই গোল না পাওয়া নিয়ে মোটেই ভাবছেন না। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠতে পেরেই খুশি তিনি, ‘আমাদের লক্ষ্য ছিল গ্রুপ পর্ব উতরানো। সম্ভব হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চেয়েছি এবং এটা আমরা করতে পেরেছি। আমরা খুব খুশি। তবে এখনই সবকিছু শেষ হয়ে যায়নি।’
শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ নাইজেরিয়া। ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় মানে গ্যারিঞ্চা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি হবে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায়। গোল না পাওয়া নিয়ে নয়, ফ্রান্স দলের ভাবনা এখন ওই ম্যাচকে ঘিরে। দেশম বলেন, ‘এখন আমাদের ছন্দ ধরে রাখাটা জরুরি। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে আমরা পাঁচ দিন সময় পাচ্ছি। কয়েকটা ব্যাপার নিয়ে এরই মধ্যে আমাদের কাজ করতে হবে। এখন কেবল সেই ম্যাচ নিয়েই ভাবছি।
শেষ ১৬ মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল বলেই, বুধবার ইকুয়েডরের বিপক্ষে দল নিয়ে একটু পরীক্ষা-নিরীক্ষা করতে চেয়েছিলেন দেশম। সুযোগ দিয়েছিলেন বেঞ্চের খেলোয়াড়দের। তাই ফলাফলটা এরকম হতে পারে তার একটা ধারণা আগে থেকেই তার মধ্যে ছিল। সেসব নিয়ে ভাবছেন না কোচ। এই মুহূর্তে অর্জনটাকেই উপভোগ করতে চান তিনি, ‘আগে যা হয়ে গেছে সেসব নিয়ে ভাবছি না। এই মুহূর্তে প্রথম বাধা পেরোনোটাকেই উপভোগ করতে চাই।’
চ্যাম্পিয়ন, প্রথম রাউন্ডে বাদ, রানার আপ, আবারও প্রথম রাউন্ডে বাদ ১৯৯৮ সাল থেকে শুরু করে ২০১০ সাল পর্যন্ত এমনটাই হল ফরাসিদের বিশ্বকাপ। সেই পরিসংখ্যান মতে, এবার তো অন্তত ফাইনালে পৌঁছানো উচিত সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। সেটা হোক কিংবা নাই হোক এই মুহূর্তে বেশ আত্মবিশ্বাসী ফরাসি শিবির!