দেশে পাঠানো হলো বহিষ্কৃত বোয়াটেং ও মুন্তারিকে

ঘানার তারকা খেলোয়াড় কেভিন প্রিন্স বোয়াটেং ও সুলে আলি মুনতারিকে গ্রুপপর্বের শেষ খেলায় পর্তুগালের মুখোমুখি হবার আগেই শৃংখলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। এসি মিলানের খেলোয়াড় মুনতারির বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘানা দল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোসেস আরমাহ পারকারকে চড় মেরেছেন। অপরদিকে অনুশীলনের সময় কোচ আপিয়াহকে অপমান করার অভিযোগ করা হয়েছে বোয়াটেংয়ের বিরুদ্ধে। ঘানা কর্তৃপক্ষ তাদেরকে ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে। গত রাতে গ্রুপপর্বের শেষ খেলাটির প্রাক্কালে ঘানার ফুটবল এসোসিয়েশনের (জিএফএ) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,সুলে আলি মুনতারিকে জিএফএ অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করে তাত্ক্ষণিকভাবেই সেটি কার্যকর হয়েছে। অপরদিকে কোচ আপিয়াহ বোয়াটেংকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি অনুমোদন করেছে জিএফএ। তাকেও অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করে তাত্ক্ষণিকভাবে সেটি কার্যকর করা হয়েছে। বাসস/এএফপি