মাদকবিরোধী প্রতিবেদনে পুরস্কার পেলেন ৬ গণমাধ্যম কর্মী
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২১:২৬
প্রথম আলো মাদকবিরোধী সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় পুরস্কার পেলেন ছয় গণমাধ্যম কর্মী। বুধবার প্রথম আলো কার্যালয়ে বিজয়ী প্রতিবেদকদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। শিক্ষামন্ত্রী পুরস্কারপ্রাপ্তদের মেডেল, সার্টিফিকেট ও চেক তুলে দেন। প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার এবং তৃতীয় পুরস্কার ১৫ হাজার টাকা।
এবার সংবাদপত্র শাখায় প্রথম পুরস্কার পান যুগান্তরের রীতা ভৌমিক, দ্বিতীয় প্রথম আলোর মানসুরা হোসাইন এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন ইত্তেফাকের মোরশেদা ইয়াসমিন পিউ। অপরদিকে টেলিভিশন শাখায় প্রথম পুরস্কার পেয়েছেন মাছরাঙা টেলিভিশনের ওবায়দুল কবির, দ্বিতীয় এসএটিভির প্রতিবেদক আহাদ হোসেন টুটুল এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ বেতারের উপপরিচালক এ বি এম রফিকুল ইসলাম।
প্রধান অতিথি শিক্ষামন্ত্রী বলেন, তরুণরা কৌতূহলের বশে মাদকে আসক্ত হয়। এই তরুণ প্রজন্মকে রক্ষা করতে কিছু পদক্ষেপ নিয়েছি। মাদকের কুফল এবং কেন তারা মাদক গ্রহণ করবে না সেই বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পাঠ্যপুস্তকে মাদক বিষয়টি অন্তর্ভুক্ত করেছি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মোহিত কামাল ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ।
উপস্থিত ছিলেন মাদক নিরাময় কেন্দ্র ‘আপন’ এর ব্রাদার রোনাল্ড রাউহুজা, কথাসাহিত্যিক আনিসুল হক প্রমুখ।