রাবিতে শিবির-পুলিশ সংঘর্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবিরের ডাকা ধর্মঘট চলাকালে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষ ছাড়াও ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেটে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর গেট এলাকা থেকে সকাল ৯টার দিকে পুলিশ শিবির সন্দেহে চারজনকে আটক করেছে। তবে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সকাল পৌণে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলার গেট দিয়ে মিছিল নিয়ে শিবির ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় শিবির কর্মীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এসময় শিবির-পুলিশের মধ্যে কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলে শিবির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে ধর্মঘট শুরুর পর নগরীতে বিশ্ববিদ্যালয়ের দু’টি বাস ভাংচুর করেছে শিবির কর্মীরা। এছাড়া সকালে ধর্মঘটের শুরুতেই ক্যাম্পাসে তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে ক্যাম্পাসে ধর্মঘটবিরোধী মহড়া দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।