আইসিসি সভাপতির দায়িত্ব নেয়ায় মুস্তফা কামালকে বিসিবির অভিনন্দন
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২১:৩৬
পরিকল্পনা মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্ব নেয়ায় বিসিবি তাকে অভিনন্দন জানিয়েছে।
বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে তিনি এই দায়িত্ব পেলেন। তিনি হলেন আইসিসির ১১তম সভাপতি। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে আইসিসির বার্ষিক কনফারেন্স সপ্তাহে তিনি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এ দায়িত্ব গ্রহণ করেন। আইসিসির সভাপতি হওয়ায় মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বলেন, ‘এটা জাতির জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। কেননা প্রথমবারের মতো কোনো বাংলাদেশিকে আইসিসি’র সভাপতি হিসেবে পাচ্ছি। এটা জাতির জন্য সম্মানজনক অর্জন। বিসিবি’র পক্ষ থেকে আমি মুস্তফা কামালকে অভিনন্দন জানাচ্ছি।’